
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক গ্রামপুলিশ (চৌকিদার) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বানেজ উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রামপুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর ঘটনায় ছেলে রাজীব (২৮)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে ওই বিক্রির টাকার একটি অংশ দাবি করেন তার ছেলে রাজীব। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডা তীব্র আকার ধারণ করলে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে বানেজ উদ্দিন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পথিমধ্যে মহিষকুণ্ডি এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন