
সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলায় কারাবন্দি রাখার অভিযোগে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারে কার্যকর উদ্যোগ নিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর ই-মেইলে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
চিঠিতে স্বাক্ষর করেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
বিএমএসএফ সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৩৮৫ ও ৩৮৬ ধারায় ৪৭ ও ৪৮ নম্বর দুটি মামলা দায়ের করা হয়। মামলার তারিখ ২৬ অক্টোবর ২০২৬।
মামলার পর থেকে অরিত্র কুন্ডু কারাবন্দি রয়েছেন। ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী তার জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছে বিএমএসএফ।
এ ঘটনায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এর আগে সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন আহমেদ আবু জাফর। রিট নম্বর ১৯৯৭৫। বর্তমানে রিটটি বিচারাধীন রয়েছে।
বিএমএসএফের দাবি, রিট বিচারাধীন থাকা অবস্থায় অরিত্র কুন্ডু কারাগারে থাকায় তার পরিবার চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
চিঠিতে সিপিজের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি তুলে ধরে সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তির বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ জানানো হয়েছে।
বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে একজন সাংবাদিককে মব সৃষ্টি করে আহত করা এবং পরবর্তী সময়ে মামলায় কারাবন্দি রাখার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার অধিকারের পরিপন্থী।
তারা অবিলম্বে সাংবাদিক অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন