
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। পাশাপাশি ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পাঠদানের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিটি বিষয়ের মৌলিক ধারণা ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া শ্রেণিকক্ষে শিখন কার্যক্রমে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি বাড়তি যত্ন ও বিশেষ মনোযোগ দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রধান শিক্ষককে নিয়মিত পাঠদানের পাশাপাশি খেলাধুলা, উপস্থিত বক্তৃতা, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
অন্যদিকে, খানপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ফুটবল বিতরণ করা হয়। এ সময় খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য করুন