
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মানিককে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ময়মনসিংহের নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নান্দাইলের বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মামলার বাদী মিনত সরকার ও তার ছোট ভাই স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত প্রায় ১২টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন।
বাড়িতে ফেরার পর নিহতের ছোট ছেলের স্ত্রী ঘরের বাইরে টিউবওয়েলের দিকে গিয়ে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে বৃদ্ধার মাথার পেছনে রক্তাক্ত জখম দেখতে পান। পরে পরীক্ষা করে তাকে মৃত বলে নিশ্চিত হন।
এ সময় পরিবারের সদস্যরা দেখতে পান, তাদের তিন ভাইয়ের বাড়িতে স্থাপন করা পানি তোলার তিনটি পাম্পও চুরি হয়েছে। পানির পাম্প চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিন্দুমতি রানীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুহিয়া থানার ০৯ নম্বর মামলা।
এসআরবি জানায়, গ্রেপ্তার মানিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
মন্তব্য করুন