
ইসলামি মূল্যবোধ ও নৈতিকতাভিত্তিক সাহিত্য-সংস্কৃতির বিকাশ ঘটিয়ে অপসংস্কৃতি ও অশ্লীলতার প্রভাব মোকাবিলায় সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশের প্রশাসনিক কেন্দ্র হওয়ার পাশাপাশি ঢাকা সাহিত্য ও সংস্কৃতিচর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এখানকার কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় পর্যায়ে ইতিবাচক সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী সংস্কৃতির ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদের শিক্ষা। এই দর্শন মানুষের বিশ্বাসের পাশাপাশি চিন্তা, নৈতিকতা ও জীবনাচরণকে প্রভাবিত করে। সাহিত্য ও সংস্কৃতির চর্চা কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণ, মূল্যবোধ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং উত্তর মহানগরীর সাহিত্য-সংস্কৃতি কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাজনৈতিক পরিবর্তনকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করতে সাংস্কৃতিক পরিবর্তনও জরুরি। সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তন ছাড়া রাজনৈতিক উদ্যোগের প্রত্যাশিত ফল পাওয়া কঠিন।
সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, সংগীত ও শিল্পচর্চা মানুষের আবেগ, চিন্তা ও মনোজগতে প্রভাব ফেলে। মানুষের মন পরিবর্তনে পবিত্র কুরআনের শিক্ষার গুরুত্বও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।
মন্তব্য করুন