
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০২৭–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট পদগুলোর নেতৃত্ব নির্বাচনে বৃহস্পতিবার দিনব্যাপী ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সেলিম ভূঁইয়া ভোটারদের স্বাগত জানান। পাশাপাশি সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচন কমিটি।
এদিন সকালে ভোটারদের উদ্দেশে নির্বাচন কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘ভোট আপনার পবিত্র আমানত—আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন।’ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানানো হয়।
নির্ধারিত সময় শেষে ভোটগ্রহণ সম্পন্ন হলে ভোট গণনার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এ নির্বাচনের ফলাফলের মাধ্যমে আগামী ২০২৭–২০২৮ মেয়াদে আইইবির নেতৃত্ব নির্ধারিত হবে।
মন্তব্য করুন