
পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে নতুন করে আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেলের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।
নতুন অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে ঢাকার মুর্শিদুল হক বিদ্যুৎ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে মানবাধিকারকর্মী সেঁজুতি হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে ময়মনসিংহের সাবেক ব্যাংকার খন্দকার মো. শরিফুল আলম।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে পটুয়াখালীর ব্যবসায়ী এসএম ইমরান আহসান, সহ-অর্থ সম্পাদক হিসেবে ঢাকার ব্যাংকার শেখ জায়েদ আল ফাত্তাহ, সহ-প্রচার সম্পাদক হিসেবে মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি-২০১৯ ফাতেমা ইয়াসমিন লিয়া এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে ঝালকাঠির সাবেক ছাত্রনেতা মো. মিজানুর রহমান দায়িত্ব পেয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, আট বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে সবুজ আন্দোলন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিদেশেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে জনসচেতনতা তৈরিতে সভা-সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়ে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, পরিবেশ বিপর্যয় রোধে সংগঠনটি সব সময় কাজ করে যাচ্ছে। সমাজের সচ্ছল ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি করলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখা সম্ভব।
তিনি আরও বলেন, নতুন কমিটিতে অন্তর্ভুক্ত ব্যক্তিরা অতীতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাঁদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন হিসেবেই কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত নেতারা নিজ নিজ পদে থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
বাপ্পি সরদার জানান, আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দ্রুত প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হবে। কাউন্সিল সফল করতে দেশবাসী ও সংগঠনের সব সদস্যের সহযোগিতাও কামনা করেন তিনি।
মন্তব্য করুন