
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭ সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন। অতীতের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে আবারও ইউনিয়নবাসীর সেবায় ফেরার প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের বাবা স্বাধীনতার আগে ও পরে দীর্ঘ ২৩ বছর সুনামের সঙ্গে ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক জনসেবার সেই ধারাবাহিকতায় জামাল উদ্দিনও প্রায় ১৩ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এখনো স্থানীয়দের আলোচনায় রয়েছে।
জামাল উদ্দিনের চেয়ারম্যান থাকাকালীন উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে ছিল ইউনিয়নে শতভাগ স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশব্যাপী স্যানিটেশন কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে ২০০৪ সালে ছয়ানী ইউনিয়নকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া সরকারি বরাদ্দে পাওয়া ৪৫০টি গভীর নলকূপ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সুষমভাবে বিতরণের বিষয়টিও তাঁর সমর্থকেরা দায়িত্বকালীন উল্লেখযোগ্য কাজ হিসেবে তুলে ধরছেন।
চেয়ারম্যানের দায়িত্বে না থাকলেও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার দাবি করেছেন তাঁর অনুসারীরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত অর্থায়নে ইতোমধ্যে ৩৬টি কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যার কিছু কাজ এখনো চলমান।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার বিষয়ে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরা হচ্ছে জামাল উদ্দিনের পক্ষ থেকে। পরিকল্পনার মধ্যে রয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতামুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন গঠন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবক ও প্রশাসনের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ।
পাশাপাশি শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ সব ধরনের নাগরিক সেবা দালালমুক্ত করা এবং নির্ধারিত সময়ে সেবা প্রদানের অঙ্গীকার রয়েছে তাঁর পরিকল্পনায়।
এ ছাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে সোলার লাইট স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিবছর আন্তঃওয়ার্ড ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমিজমা সংক্রান্ত হয়রানি প্রতিরোধে বিশেষ সহায়তা সেল গঠনের বিষয়টিও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় স্থান পেয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একজন সম্ভাব্য প্রার্থীর অতীত কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এসব বিষয়কে কেন্দ্র করে ছয়ানী ইউনিয়নের বিভিন্ন মহলে সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনকে নিয়ে আলোচনা চলছে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনে জনগণের মতামত, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াই নির্ধারণ করবে ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব। ছয়ানীবাসীর প্রত্যাশা, আগামী দিনে যিনিই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করবেন এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
নির্বাচনী প্রত্যাশার স্লোগান:
“আগেও ছিল সন্ত্রাসমুক্ত, স্যানিটেশনে ১০০%—আবারও হবে মডেল ছয়ানী ইউনিয়ন।”
মন্তব্য করুন