
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানপ উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব শাহ আলম জনি।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও সহায়ক। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন