
বগুড়ায় দুই দিনব্যাপী ব্যতিক্রম রোলার স্কেটিং প্রোগ্রাম আয়োজন উপলক্ষে মতবিনিময় করা হয়েছে। আগামী ১৫-১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বগুড়া স্কেটিং উৎসব চ্যাম্পিয়নশিপ। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে গৌরব অর্জন করা ক্ষুদে স্কেটাররা এবার নিজ জেলায় পারফরমেন্স দেখানোর প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) বগুড়া রোলার স্কেটিং ক্লাবের দুই নম্বর গ্রাউন্ড জেলা পরিষদ চত্বরে কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র জুনিয়র স্কেটার ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। স্কেটিং উৎসব তারিখ নির্ধারণ, প্রস্তুতি, ইভেন্ট সমূহ, ভ্যানু নির্ধারণ, এন্ট্রি ফি, সাজসজ্জা, পরিচালনা কমিটি গঠনসহ দুর্দান্ত ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের পরিকল্পনার বিষয়ে পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা কোচ আশরাফুল ইসলাম রহিত জানান, দুই দিনব্যাপী স্কেটিং উৎসব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বগুড়া রোলার স্পোর্টস একাডেমি। বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় থাকবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। প্রাথমিক আলোচনায় স্কেটিং উৎসবের সম্ভাব্য তারিখ আগামী ১৫-১৬ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কর্মকর্তাদের সাথে চূড়ান্ত আলোচনা সাপেক্ষে আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও অতিথিদের সাথে আলোচনা শেষে তারিখ নির্ধারণ পুনরায় চূড়ান্ত হবে। নতুন স্কেটার সৃষ্টির অনুপ্রেরণা হিসেবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের তৃণমূল কার্যক্রমের অংশ হিসেবে সফল অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকরা।
উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আতাউজ্জামান, অভিভাবক সদস্য মেহজাবিন রহমান, নাজমুন্নাহার মুন, সালমা জাহিদ, শেখ আব্দুল্লাহ আল ফায়সাল, সুরভী আক্তার, মেহেদী আল হাসান, সারমিন আক্তার মুন, মাহমুদুল সরকার, সিনিয়র স্কেটার রনি, আরিফ, রিংকু, পাখি, তুবা ও তন্ময়।
সম্প্রতি, রাজশাহীতে অনুষ্ঠিত আন্তঃ আঞ্চলিক আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বগুড়া। ক্ষুদে স্কেটাররা জিতেছে স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জসহ ১৫টি পদক। এরআগে, রাজধানী ঢাকার মাঠে চমক দেখিয়ে ৭টি পদক অর্জন করে। ২০২৫ সালে চীনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে প্রথমবার চমক দেখায় বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী। আন্তর্জাতিক মঞ্চে জোড়া স্বর্ণপদকের সঙ্গে আরও দুটি পদক জিতে প্রশংসা কুড়িয়েছে।
মন্তব্য করুন