
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দীর্ঘদিনের অবহেলিত ময়লার স্তূপ, গোবর ও আগাছায় ভরা স্থানটিকে এবার একটি নান্দনিক ফুলের বাগানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নোংরা পরিবেশ দূর করে সৌন্দর্য ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ ধুনট টিম।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিডি ক্লিন ধুনট টিমের ১৫ থেকে ১৮ জন তরুণ স্বেচ্ছাসেবী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁরা হাসপাতালের মূল ফটক থেকে পশ্চিম পাশের দেয়ালের শেষ প্রান্ত পর্যন্ত জমে থাকা সমস্ত আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা শেষে জায়গাটিতে ভবিষ্যতে কেউ যাতে পুনরায় ময়লা ফেলতে না পারে, সেজন্য সম্পূর্ণ স্থানটি নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে ফুলের বাগান করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বিডি ক্লিন ধুনট টিমের উপজেলা সমন্বয়ক তাফসির রহমান ও উপ-সমন্বয়ক রাসেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এবং ধুনট পৌরসভার প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম টুকু।
সংগঠনটির সদস্য তাশরীফ বলেন, প্রতিদিন শত শত রোগী ও তাঁদের স্বজন এই পথ দিয়ে যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরে এখানে ময়লার স্তূপ জমে ছিল। আমরা জায়গাটি পরিষ্কার করে সুন্দর পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছি। এখানে ফুলের বাগান গড়ে উঠলে হাসপাতালে আসা মানুষ কিছুটা হলেও মানসিক স্বস্তি পাবেন।
উদ্যোগটির প্রশংসা করে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর থাকলে রোগী ও তাঁদের স্বজনেরা মানসিকভাবে স্বস্তি পান। বিডি ক্লিনের তরুণেরা যে চমৎকার উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এখানে বাগান তৈরি হলে পুরো এলাকার সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পাবে। এমন মহৎ উদ্যোগে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন