
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়। এসব আয়োজনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে ছাত্রদল।
পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ ও আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে রাজপথে সক্রিয় উপস্থিতি জানান দেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
একই দিন বিকেল ৩টায় জেলা বিএনপি আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে যোগ দেয় জেলা ছাত্রদল। ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের উপস্থিতিতে শোভাযাত্রায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ।
আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ইতিহাস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা এবং তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও তাঁরা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। এ দিনের ইতিহাস ও চেতনা ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে বগুড়া জেলা ও শহর ছাত্রদলের পাশাপাশি বিভিন্ন কলেজ ইউনিটসহ সংগঠনটির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ৩ নভেম্বর সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করে বগুড়া জেলা ছাত্রদল। এদিকে দিবসটি উপলক্ষে রোববার বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন