
আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বগুড়া জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের চেতনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা এবং তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও তুলে ধরেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটির চেতনা ধারণ করে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কেন্দ্রীয় কর্মসূচিতে বগুড়া জেলা ছাত্রদলের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বগুড়া জেলা ও শহর ছাত্রদল, বিভিন্ন কলেজ এবং সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন