
ঢাকা বাঁচাও সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক হিসেবে মোঃ তানভীর আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী হলে ‘ঢাকা বাঁচাও সাংগঠনিক বিষয়ক’ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোহানী শিফা, তানভীর আজাদ, মোঃ আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরম বিক্রির নামে চাঁদাবাজি, সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাসকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় সংগঠনের আংশিক কমিটিও ঘোষণা করা হয়। এতে মোঃ তানভীর আজাদকে আহ্বায়ক, মোঃ আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা এবং সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মোঃ আলামিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
মন্তব্য করুন