
রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১০টা ৮ মিনিটের দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচলের পথ পরিষ্কার করা হয়।

তবে অবরোধস্থল থেকে সরে যাওয়া শ্রমিকদের একটি অংশ আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন বলে জানা গেছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে এখনো থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। এদিকে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কম রয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) রাজধানীর মিরপুরে একই দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
গতকাল সোমবারও (২ নভেম্বর) শ্রমিকদের আন্দোলন অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও মিরপুর-১১ এলাকায় নতুন করে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় মিরপুর-১১ ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন