
কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক পণ্ড করে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চকরিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে এলাকার উলুবুনিয়া বওনাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি মাছের প্রকল্পে গোপন বৈঠক চলছে। ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রস্তুতির অংশ হিসেবে ওই বৈঠক আয়োজন করা হয়েছিল বলে দাবি পুলিশের।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এজাহারনামীয় ১০০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন দেশীয় অস্ত্র, লাঠি, রড ও ইটের টুকরা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন