
নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) নবাব কনভেনশন হলে আয়োজিত এ সভায় সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার সংরক্ষণ, মার্কেটের বহুতল ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হাজী মো. ইব্রাহিম খলিল, জাফর আহমদ ভূঁইয়া ও মো. করিম রাসেল পরিষদের পক্ষ থেকে সমিতির সদস্যদের কল্যাণ এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং নোয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কমিশনার মো. দেলোয়ার। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাজী মো. ইব্রাহিম খলিল, আলহাজ্ব জাফর আহমদ ভূঁইয়া, মো. করিম রাসেল, মো. মোস্তফা, মো. ফেরকান উদ্দিন, মো. রাশেদুল আলম চৌধুরী (মিঠু), হাজী মো. গোলাম রহমান, মো.মোজাম্মেল হোসেন (মিলন) ও মো. সাইফুল্লাহ শোকন।
আলোচনা সভায় সমিতির বর্তমান পরিস্থিতি, সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া, মার্কেটের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নির্বাচিত হলে সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমিতির সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরেন নির্বাচনী পরিষদের নেতৃবৃন্দ।
সদস্যদের কল্যাণে সাত দফা নির্বাচনী ইশতেহার
প্রকাশিত নির্বাচনী ইশতেহারে মার্কেটের বহুতল ভবনের উন্নয়ন, সমিতির সম্পত্তির সুষ্ঠু বণ্টন, সদস্যদের দোকান বরাদ্দ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথম দফা: মার্কেটের বহুতল ভবনের প্ল্যান এখনো অনুমোদন হয়নি। নির্বাচিত হলে ডেভেলপারের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ভবনের প্ল্যান অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বিতীয় দফা: মার্কেটের বহুতল ভবনের অসমাপ্ত কাজ ডেভেলপারের সঙ্গে চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করে সদস্যদের দোকানঘর বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তৃতীয় দফা: বিদ্যুৎ অফিসের পেছনে সমিতির ৯২ ডিং সম্পত্তি বর্তমানে ভরাট অবস্থায় রয়েছে। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ওই সম্পত্তি ২৩৪ জন সদস্যের মধ্যে প্লট আকারে লটারির মাধ্যমে সমহারে বণ্টনের অঙ্গীকার করা হয়েছে।
চতুর্থ দফা: সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় সমিতির সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা হবে।
পঞ্চম দফা: সকল সদস্যের দোকানঘর বর্তমানে যে যে অবস্থানে রয়েছে, সেই অবস্থানেই নতুন দোকান বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ষষ্ঠ দফা: সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রতি মাসের শেষে অফিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে সদস্যরা সমিতির আর্থিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত জানতে পারবেন।
সপ্তম দফা: বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের বাকস্বাধীনতা উন্মুক্ত রাখা হবে। প্রত্যেক সদস্য যেন স্বাধীনভাবে নিজেদের মতামত, অভিযোগ ও দাবি-দাওয়া তুলে ধরতে পারেন, সে বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রকাশিত নির্বাচনী তারিখ অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে সামনে রেখে হাজী মো. ইব্রাহিম খলিল, জাফর আহমদ ভূঁইয়া ও মো. করিম রাসেল পরিষদের পক্ষ থেকে সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করা হয়েছে।
সমিতির সদস্যদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্ব গ্রহণ করবেন, তারা যেন সদস্যদের অধিকার রক্ষা, মার্কেটের উন্নয়ন, সম্পত্তির সুষ্ঠু বণ্টন এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখেন।
সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। এখন দেখার বিষয়, নির্বাচনে সদস্যরা কাদের ওপর আস্থা রাখেন এবং নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করতে সক্ষম হন।
মন্তব্য করুন