
বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) শেরপুর পৌরসভার বারো দুয়ারী পাড়া হাটখোলা শাহজাহান মাজার রোড এলাকায় সোহানা ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ ওরফে রতন উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এসআই মো. আ. কুদ্দুস, এএসআই মো. ওমর ফারুক ও কনস্টেবল মো. আরিফুজ্জামান পৌর এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে রতনকে তল্লাশি করা হলে তার পরিহিত জিন্সের সামনের ডান পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন