
বগুড়ার আদমদীঘিতে প্রায় ২৮ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পথটি ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক ব্যক্তি, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ নিয়ে যাওয়ার পথও থাকছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সমস্যার সমাধান চেয়ে সর্বশেষ বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিনমজুরসহ প্রায় ২০০ মানুষের বসবাস। দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে ওই এলাকার বাসিন্দারা একটি নির্দিষ্ট পথ দিয়ে নিয়মিত চলাচল করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে ওই চলাচলের পথটি বন্ধ করে দেন। ওই পরিবারের কয়েকটি গাছ রাস্তার জায়গায় পড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ করেন এবং রাস্তার ওপর থাকা গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চাওয়ার পর বিভিন্ন অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। পরে একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথটি বন্ধ করে দেওয়া হয়।
পথটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া, প্রসূতি নারী ও বয়স্কদের যাতায়াত এবং শিক্ষার্থীদের চলাচলেও সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর সমাধান না হওয়ায় তারা গত ২ সেপ্টেম্বর সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে।
মন্তব্য করুন