
ওয়ার্ল্ড র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শীর্ষস্থান অর্জন করায় কেক কেটে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ।
বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা পত্র এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কেটে উদযাপন করেন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে জাবির এ অবস্থান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্য ধরে রাখতে গবেষণা, মানসম্মত আন্তর্জাতিক প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে যথাযথভাবে তুলে ধরা জরুরি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক কার্যক্রম হলেও সেগুলোর তথ্য সময়মতো ওয়েবসাইটে হালনাগাদ না হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য দৃশ্যমান হয় না। জাবির বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করতে এ ঘাটতি কাটিয়ে ওঠা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমসহ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে। এ র্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
মন্তব্য করুন