
বগুড়ার ধুনট উপজেলায় ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পিপিআর রোগ নির্মূল প্রকল্পের আওতায় বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হবে। এ কার্যক্রমে মোট ৩২ হাজার ছাগলকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় ধুনট হেলিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহানা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মীর আল মানসুর শোয়ায়েব, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রাকিব।
এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, ভ্যাকসিনেটর, সাংবাদিক এবং স্থানীয় খামারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহানা খাতুন বলেন, পিপিআর একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি ছাগল ও ভেড়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং আক্রান্ত পশুর মৃত্যুও ঘটতে পারে। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব।
তিনি খামারিদের নির্ধারিত বয়সের ছাগল ও ভেড়াকে টিকা দেওয়ার জন্য নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা টিকাদান কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানান।
মন্তব্য করুন