
দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ১৩২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬০২ জনে।
অন্যদিকে, একই সময়ে ১ হাজার ১৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদফতর নিয়মিতভাবে সন্দেহজনক ও নিশ্চিত আক্রান্ত এবং মৃত্যুর তথ্য সংগ্রহ করছে।
মন্তব্য করুন