
লালমনিরহাট বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবির বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার করেছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও স্যোসাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার লোকজনের মধ্যে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে।
এরই প্রেক্ষিতে বিজিবি জানায়, চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং একই সঙ্গে এই এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ যাতে করতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও বিজিবি সতর্ক অবস্থানে আছে।
পুশইন বিষয়ে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।
মন্তব্য করুন