
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদ গ্রামের হিসনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাজু আহমেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের নির্দেশনায় এসআই মহসিন চৌধুরী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা হোসেনাবাদ গ্রামের হিসনাপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় রাজু আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাপেন্টাডলসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক রাজু আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন