
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লালমনিরহাটের ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠ থেকে একঝাঁক ফুটবল প্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ তৈরি করে।
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুরু ১১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নেবে। যার মধ্যে ব্রাজিল অন্যতম।
দুপুরের দিকে হাই স্কুল মাঠ থেকে ব্রাজিলের বিশালাকার জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। এরপর মিছিলটি শহর জুড়ে ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে এবং ছোট-বড় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক জনতা ভিড় করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। সম্পূর্ণ নিজেদের অর্থ ব্যয় করে দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও উপস্থিত ছিলেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা, তারা সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন