
কুড়িগ্রাম সরকারি কলেজে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কলেজে পর্যাপ্ত সাংস্কৃতিক আয়োজন না থাকায় এ বিষয়ে হতাশা ও প্রত্যাশার কথা জানিয়েছেন তারা।
এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যেও গান, কবিতা, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা রয়েছে। এসব প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশ প্রয়োজন।
তিনি রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী মল্লিকা রায় মৌমিতার ‘দুহাতে মুঠো ভরে না’ গানটির পরিবেশনার প্রশংসা করে বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরাও এমন সুযোগ প্রত্যাশা করেন।
জাকারিয়া খাঁন মুরাদ আরও বলেন, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং নিজ কলেজে সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলাই শিক্ষার্থীদের প্রত্যাশা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের আগ্রহ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের প্রত্যাশা, কলেজ প্রশাসনের উদ্যোগ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক চর্চার পরিসর আরও বিস্তৃত হবে।
মন্তব্য করুন