
মুসলিম বিশ্ব জাহানের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারণ করেছে সরকার।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।
তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরো একদিন বাড়ানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন