
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে প্রবীণ রাজনীতিবিদ ও দলটির সাবেক আমীর প্রখ্যাত আলেম আল্লামা সারওয়ার কামাল আজিজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দখল বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে জনগণকে ভোগান্তিতে ফেলছে। বিএনপির নেতারা সংসদে জুলাই সনদকে প্রতারণা বলছেন। দায়িত্ব পালনে ব্যর্থ একজন রাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করছেন না। দোসরদের সঙ্গে আঁতাত ও দুর্নীতি বন্ধ করে গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে কোনো সহযোগিতা করা হবে না।
মাওলানা মামুনুল হক বলেন, গণভোটে বিএনপি পর্দার আড়ালে ‘না’ ভোটের পক্ষে কাজ করেছে। শহীদদের রক্ত উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি বন্ধ করে সরকারকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় সরকারকে চাপের মুখে পড়তে হবে। ফ্যাসিবাদের নৈরাজ্য প্রতিহত ও দাবি আদায়ে নির্বাচনের পরও ১১ দলীয় ঐক্য রাজপথে আরও সক্রিয় থাকবে।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, সরকারকে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২০২৪ সালের আন্দোলনে গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের বিচারের দাবি জানান তিনি। দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শক্তির উত্থান ঘটলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
মন্তব্য করুন