
গাজীপুরের টঙ্গীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাদেকুর (২৩) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে ২ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাদেকুর তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কাশেমনগর এলাকায়। তাঁর বাবার নাম মো. আতাউর রহমান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোরে বাস থেকে নামার সময় এক ছিনতাইকারী সাদেকুরকে ছুরিকাঘাত করে। এতে তিনি আহত হন। পরে তাঁর বাবা মো. আতাউর রহমান খবর পেয়ে তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ছিনতাইকারী তাঁর কাছ থেকে ২ হাজার ১০০ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন