
কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় বাসভবনের নিরাপত্তায় চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। একের পর এক এমন ঘটনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন