
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মো. জাকির (৩৪) নামে এক চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার রুমমেট মো. মাইনুদ্দিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি, রোড-৩, বাসা-২৬০ নম্বরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহত জাকিরের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে। তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় একজন চালক।
জানা গেছে, সকালে রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে জাকির ও তার রুমমেট মাইনুদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইনুদ্দিন দেশীয় হাতদা দিয়ে জাকিরকে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার দুই হাত ও পিঠে গুরুতর জখম হয়।
পরে গুরুতর আহত অবস্থায় জাকিরকে প্রথমে কুর্মিটোলা এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৩ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাকিরকে হাসপাতালে নিয়ে আসেন তার রুমমেট দেলোয়ার। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
মন্তব্য করুন