
যশোর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বুধবার রাত প্রায় ১১টার দিকে যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিলে রাত সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযানে মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন