
‘সাম্রাজ্যবাদ ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চাই’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে র্যালি-পূর্ব সমাবেশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির প্রায় ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ মুহিবুল্লাহ নাছির এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যে মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে জুতার মালা দিয়ে বরণ করে কারাগারে পাঠানো হবে।
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দেশ দখলের যে হুমকি দিচ্ছেন, তা বন্ধ করতে হবে। ভারতের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখলের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রয়োজনে দেশের মানুষ বুকের রক্ত দিয়ে আবারও ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবে।
সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন