
কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাক্সিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি করা হয়। পরে ককশিটের ১১টি কার্টনে থাকা ১৫৬ লিটার অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাক্সিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তের ভোটহাট এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভ্যাক্সিন বাংলাদেশে আনা হয়। পরে সেগুলো লালমনিরহাটে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।
অভিযান শেষে এএসপি মুনতাসির মামুন মুন জানান, জব্দ করা ভ্যাক্সিন কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই অবৈধভাবে দেশে আনা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোয়েন্দা তথ্য ও দীর্ঘ নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন