
সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংবাদ যাচাই এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির দক্ষতা বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের বিকল্প নেই।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক, উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি বিভিন্ন কার্যক্রমও গণমাধ্যমে তুলে ধরতে হবে। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্যনির্ভর সংবাদ তৈরি করতে হবে। গুজব বা অসমর্থিত তথ্য প্রচার না করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে।
এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় তিনি পিআইবিকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে ব্যবহারের জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন