
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজির বেশি প্লাস্টিক বিস্ফোরক, গানপাউডার ও আইইডি তৈরির বিভিন্ন উপকরণ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি অভিযানের বিষয়টি নিশ্চিত করে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা।
একপর্যায়ে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশার চালকদের বহন করা মালামাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের কথা জানান। পরে মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করা হলে তাঁরা পালিয়ে যাওয়ার উদ্যোগ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা শটগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। তবে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।
পরবর্তী সময়ে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করে বিজিবি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তা, প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স পাওয়া যায়।
বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার বিস্ফোরক দ্রব্য, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক।
অভিযানে আটক দুজন হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জব্দ করা যানবাহনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।
মন্তব্য করুন