
একটি পরিবার, যেখানে দুই রাজনৈতিক মেরুকরণ। একভাই আওয়ামী লীগ নেতা, অন্যভাই বিএনপি নেতা। গেলো ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করলেও সেবার ব্যর্থ হন আওয়ামী লীগ নেতা আরিফ খান। তবে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সমর্থনে মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন ওই আওয়ামী লীগ নেতার আপন বড়ভাই বিএনপি নেতা আরমান খান। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই সাথে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বলছি ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের কথা।
দেবীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান খাঁন। তাঁরই ছোটভাই আরিফ খাঁন ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, যদিও এখন আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ সংগঠন।
জানা যায়, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আরিফ খাঁন দলীয় মনোনয়ন পেতে ব্যাপক তৎপরতা চালান। কিন্তু দলীয় সিদ্ধান্তে সে সময় দলীয় মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। সেবার মনোনয়ন পেতে ব্যর্থ হন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরিফ খাঁন। কিন্তু ওই পরিবারটি হাল ছাড়েননি, আসন্ন ইউপি নির্বাচনে একই পরিবার থেকে বিএনপির দলীয় সমর্থনে চেয়ারম্যান পদে মনোনয়ন চান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বড়ভাই আরমান খাঁন। তিনি জেলা-উপজেলা বিএনপির নেতাদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন।
একই পরিবারের দুই সহোদর ভাইয়ের ভিন্ন রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক পদ-পদবি এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে এলাকাজুড়ে চলছে সরব আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এছাড়াও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, এই পরিবারটি রাজনৈতিক সুবিধা নিতে সবসময় তৎপর ছিল। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এদের প্রতিহত না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। দলের হাইকমান্ড অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিবেন।
দেবীপুর ইউনিয়নের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, সুবিধা নেওয়ার জন্য একভাই আওয়ামী লীগ নেতা, অপর ভাই বিএনপি নেতা। ছোটভাই চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন, এবার তারই বড়ভাই বিএনপি নেতা আরমান খাঁন দলীয় মনোনয়ন চান। এদের কাছে কি দেবীপুরবাসী নিরাপদ, প্রশ্ন রেখে গেলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, আরমান-আরিফ মিলেমিশে রাজনৈতিক অঙ্গন ভাগাভাগি করে নিয়েছেন। অথচ নিবেদিত নেতারা কোনঠাসা। আমরা চাই দল অবশ্যই এই পরিবারে মনোনয়ন দেবে না। তারা সঠিক মানুষকে মনোনয়ন দিবেন৷ ভোটাররা মনে করেন, সুবিধাভোগী নয়, বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করলে সাধারণ ভোটাররা তার পক্ষে থাকবে এবং বিজয় নিশ্চিত করবে।
দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফ খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমার ভাই বিএনপির রাজনীতি করি। এখানে সমস্যা কোথায়? আমি মনোনয়ন পাইনি, আমি চাই বড়ভাই বিএনপির সমর্থনে মনোনয়ন পাক।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন, সুবিধাবাজ কাউকে দল থেকে সমর্থন দেওয়া হবে না। অবশ্যই যোগ্য ত্যাগীদের মূল্যায়ন করা হবে। ত্যাগীদের আমরা বাছাই করবো এবং মনোনয়ন প্রদান করা হবে।
মন্তব্য করুন