
পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (G-FOP)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে সংগঠনটির নেতাকর্মীসহ গার্মেন্টস শিল্পের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। আয়োজকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।
মানববন্ধনে বক্তারা শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানববন্ধন শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (G-FOP)-এর আহ্বায়ক মির্জা আল শামীম, পোশাক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল এবং G-FOP-এর সদস্য সচিব অরবিন্দু ব্যাপারী (বিন্দু)সহ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন