
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ২৯ মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার নাম অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ সংশ্লিষ্ট দলগুলোর কেন্দ্রীয় নেতারা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের ভূমিকা ও ব্যক্তিগত ভাবমূর্তি বিবেচনায় অলি আহমদকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
নিজের মনোনয়ন প্রসঙ্গে ড. অলি আহমদ বলেন, ১১ দলের নেতারা তাকে যোগ্য মনে করে প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তার ভূমিকা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনে স্বচ্ছতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দলগুলো তার নাম প্রস্তাব করেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয়কে তিনি প্রধান বিষয় হিসেবে দেখছেন না। জনগণের স্বার্থ এবং দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন নিয়ে আলোচনার বিষয়টি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায়কে উপেক্ষা করছে এবং দেশকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্য তাদের বিবেচনায় যোগ্য একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। তিনি অলি আহমদকে মুক্তিযুদ্ধের রণাঙ্গণের একজন যোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, জোটের বাইরের দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোও তার প্রার্থিতাকে বিবেচনা করবে বলে তারা প্রত্যাশা করেন।
বৈঠকে নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বিডিপিসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন