
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের জন্য কংক্রিট বহনকারী একটি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে রহিম উদ্দিন জামে মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিজা খাতুন ওই গ্রামের মৃত সায়েদুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাবিবপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন মনিজা খাতুন। পথে গ্রাম্য সড়কের সংস্কারকাজে ব্যবহারের জন্য কংক্রিট বহনকারী একটি ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন