
কুষ্টিয়ার দৌলতপুরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও তেল-ডালজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এ কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সরওয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শামীম রেজা মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খাদেমুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ইনস্ট্রাক্টর আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা কৃষি অফিসের বরাদ্দ তালিকা অনুযায়ী, এবার পাঁচটি ফসলের আওতায় মোট ৫ হাজার ২৭০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে সরিষা চাষে ৪ হাজার ৩৭০ জন, চিনাবাদাম চাষে ৩১০ জন, মসুর চাষে ৪৭০ জন, খেসারি চাষে ৫০ জন এবং অড়হর চাষে ৭০ জন কৃষক রয়েছেন।
প্রণোদনা প্যাকেজে ফসলভেদে বীজ ও রাসায়নিক সারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সরিষা চাষিদের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। চিনাবাদাম চাষিরা পাবেন ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
এ ছাড়া মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, খেসারি চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং অড়হর চাষের জন্য ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বরাদ্দ রাখা হয়েছে।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি রবি মৌসুমে তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন