
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকের ছবি প্রকাশের পর তাঁদের ‘অনুগত ছাত্র’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস। তাঁর ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও পাল্টাপাল্টি মন্তব্য। বিশেষ করে মন্তব্যের ঘরে ‘চামচা’ ও ‘দালাল’ শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
আব্দুল কুদ্দুসের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে। তিনি বর্তমানে ঢাকায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
নিজের ফেসবুক পোস্টে আব্দুল কুদ্দুস লেখেন, ‘তিন অনুগত ছাত্রের ক্লাস নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ পোস্টে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতি এবং নাহিদ ইসলাম ও আখতার হোসেনের সঙ্গে তারেক রহমানের যোগাযোগের বিষয়টি তুলে ধরেন।
পোস্টে তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ক্যান্টনমেন্টে না গেলেও সেদিন নাহিদ ইসলাম ও আখতার হোসেন প্রথমে তারেক রহমানকেই ফোন করেছিলেন। পরবর্তী সময়ে দেশে ফেরার পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁদের মির্জা ফখরুল কিংবা সালাহউদ্দিনের বাসায় যোগাযোগ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া তারেক রহমানের কন্যা জাইমা রহমানের চেয়েও বয়সে ছোট নাহিদ, আখতার ও হাসনাত বিভিন্ন মহলের প্ররোচনায় তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করেছেন বলে মন্তব্য করেন কুদ্দুস। এরপরও তারেক রহমান যে উদারতা দেখিয়েছেন, তা ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে বলেও দাবি করেন তিনি। সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য শোনার পর এ বিষয়ে পরবর্তী মতামত জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন।
এদিকে, পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে শুরু হয় পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। কেউ কুদ্দুসের বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ তাঁর মন্তব্যের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে এমন মন্তব্য কতটা সমীচীন, তা নিয়েও আলোচনা চলছে।
মন্তব্যের ঘরে Md Foysol Ahmed লেখেন, তিন নেতার সঙ্গে অন্যদের তুলনা করা যায় না। সাগর ইসলাম রিদয় মন্তব্য করেন, ‘আপনাদের মতো পাকনাদের জন্য জাতীয় ঐক্য বিনষ্ট হয়।’ মো. মোজাম্মেল হক লেখেন, ‘পাগলের মতো কথা আপনি বলেন কেন, রাজনৈতিক মানুষ হয়ে এমন শব্দ?’
অন্যদিকে, Md Rejaul Karim Swadrs কুদ্দুসকে উদ্দেশ করে লেখেন, ‘ভাই, তারা তো ছাত্র হওয়ার যোগ্যতা রাখে। আপনি তো চামচা দলের সদস্য। তাই কারো সম্পর্কে কিছু বলতে হলে মুখে হালকা লাগাম দেবেন।’
এর জবাবে আব্দুল কুদ্দুস লেখেন, ‘এই দলের চামচা তো আপনিই ছিলেন।’ পরে তাঁদের মধ্যে আরও পাল্টাপাল্টি মন্তব্য হয়। একপর্যায়ে Md Rejaul Karim Swadrs রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বক্তব্য ও আচরণে সংযম এবং পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
এ ছাড়া মো. আরিফুল ইসলাম (শান্ত) মন্তব্য করেন, ‘মিথ্যে কখনো প্রতিষ্ঠিত হয় না, এই ধরিত্রীর পরিবেশ সাময়িক ঘোলাটে করে, পরিশেষে সত্যই টিকে থাকে।’
এ বিষয়ে বক্তব্য জানতে পোস্টদাতা আব্দুল কুদ্দুস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠককে কেন্দ্র করে করা একটি ফেসবুক পোস্ট থেকে শুরু হওয়া এই বিতর্ক রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন