
পবিত্র ঈদুল আজহায় বাসায় না গিয়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পালনকারী সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের পক্ষ থেকে গরু কুরবানি করার ঘোষণা করা হয়েছে। আজ (২৭ মে) দুপুর ২টার দিকে কুরবানির বিষয়টি ক্লাবটির পক্ষ থেকে ঘোষণা করা হয়।
তাদের পক্ষ থেকে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহায় অনেকেই বাসায় না গিয়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পালন করবেন। তাদের ঈদ আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এখানে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য আমরা আয়োজন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।’
এ বিষয়ে ক্লাবের উপদেষ্টা আবু দারদা বলেন, অনেক শিক্ষার্থী ও দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারী ঈদে পরিবার থেকে দূরে ক্যাম্পাসে থাকেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কুরবানির এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের অসচ্ছল পরিবারগুলোর মাঝেও কুরবানির আনন্দ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি সবার দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা যায়।
উল্লেখ্য আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক সংগঠন। তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। তারা শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ, ইসলামিক বিভিন্ন আলোচনা, ভর্তি পরিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র, বৃক্ষ রোপণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।
মন্তব্য করুন