
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। আজ বুধবার (২৭ মে) দুপুরে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করে হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করেন এবং রোগীদের জন্য তৈরি করা খাবার দেখেন। তিনি জানান, পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর খাবারের মানে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এরপর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে। তিনি স্বাস্থ্য খাতকে আরও স্বচ্ছ ও উন্নত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যেই হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও উন্নত সেবাকেন্দ্র এবং ৫০ শয্যা থেকে ১০০ শয্যা রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
গ্রাম পর্যায়ের মহিলাদের জন্য সুখি বড়ি ও পুরুষদের জন্য কনডম পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কনডমের জন্য বাহির থেকে কাঁচামাল সরবরাহ করা হয়েছে। অতি তাড়াতাড়ি বাংলাদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্স সুখি বড়ি ও কনডম পাবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানা ইনর্চাজ মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের মতে, স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ হাসপাতালের সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন