
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিককে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় কার্যকর কূটনৈতিক প্রতিবাদ এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে ঘটনার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ, সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা এবং ঢাকা মহানগর শাখার সদস্য সচিব তুহিন ফরাজীসহ সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সৌদি আরবকে লাল কার্ড প্রদর্শন করেন।
মন্তব্য করুন