
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে অবস্থিত ঐতিহাসিক ডাকসু সংগ্রহশালা সংস্কারের পর নতুনভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক স্মৃতি, ছাত্র আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণের লক্ষ্যে সংগ্রহশালাটি সংস্কার করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে অবস্থিত এ সংগ্রহশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন গৌরবোজ্জ্বল স্মৃতি সংরক্ষিত রয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতি ও নানা ঐতিহাসিক নিদর্শনও এখানে স্থান পেয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ হিসেবে ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালা এবং জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মারক যুক্ত করা হয়েছে। সেখানে আন্দোলনে শহীদদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র, আন্দোলনকালীন বিভিন্ন ছবি, গ্রাফিতি ও অন্যান্য স্মারক প্রদর্শন করা হচ্ছে।
সংস্কারের পর ডাকসু সংগ্রহশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ছাত্র আন্দোলন এবং দেশের গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে আরও সমৃদ্ধ হয়েছে।
মন্তব্য করুন