
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তার স্থলাভিষিক্ত হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁর পদত্যাগপত্র গৃহীত হওয়ায়, ২৯ জুলাই ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন। পাশাপাশি বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাযথভাবে শিক্ষা মন্ত্রণালয়ের নিকট প্রেরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন