
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার ফেসবুক আইডির ছবি ব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনার জেরে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তিনি বিভিন্ন নম্বর থেকে হুমকির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে তিনি থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন।
এছাড়া থানায় অবস্থানকালে তিনি হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদানকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মন্তব্য করুন