
‘ঊনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাঁধন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ও রংপুর জোনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বিকেল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন বেরোবি ইউনিটের উপদেষ্টা ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানা, প্রক্টর ইসমাইল হোসেন, শেখ মাজেদুল হকসহ ইউনিটের অন্যান্য উপদেষ্টা সদস্য। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ, রক্তদাতা সদস্য এবং ইউনিটের বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন।
বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং নতুন রক্তদাতা তৈরির মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ ২৯ বছরের পথচলায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আনন্দমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন