
নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহন করা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে যায়।
বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল।
গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে নোয়াখালীর উদ্দেশে মাদকের একটি বড় চালান আসার খবর পায় পুলিশ। পরে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
এরই একপর্যায়ে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সৈয়দ নুরকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পালিয়ে যায় গাড়ির চালক।
সেনবাগ থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
মন্তব্য করুন